Skip to main content
পরিচালনা

এনএইচএস সার্ভিক্যাল স্ক্রিনিং প্রোগ্রাম – এইচপিভি স্ব-পরীক্ষা (Bengali)

প্রকাশিত হয়েছে 24 আগস্ট 2026

Applies to England

এইচপিভি স্ব-পরীক্ষা সম্পর্কে

এনএইচএস কিছু নারী এবং সার্ভিক্স থাকা ব্যক্তিদের হিউম্যান প্যাপিলোমাভাইরাস নামক একটি ভাইরাসের, যেটি এইচপিভি নামেও পরিচিত, বিকল্প পরীক্ষা হিসেবে এইচপিভি স্ব-পরীক্ষার প্রস্তাব করে।

এইচপিভি একটি সাধারণ ভাইরাস এবং সাধারণত ক্ষতিকর নয়, কিন্তু কিছু উচ্চ-ঝুঁকির ধরন আপনার সার্ভিক্যাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে। আপনি নিজে, ব্যক্তিগতভাবে, এইচপিভি স্ব-পরীক্ষা করতে পারেন।

আপনাকে কেন আমন্ত্রণ জানানো হয়েছে

আপনাকে সার্ভিক্যাল স্ক্রিনিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল (আগে এটি স্মিয়ার টেস্ট নামে পরিচিত ছিল) কিন্তু আপনি উপস্থিত হননি। এইচপিভি স্ব-পরীক্ষা আপনাকে অংশ নেওয়ার আরেকটি বিকল্প দেয়।

আপনি পরীক্ষাটি করতে পারেন:

  • আপনার ঘরে বা কোনো ব্যক্তিগত স্থানে
  • আপনার সুবিধাজনক সময়ে
  • অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন ছাড়াই।

কিটের নির্দেশনাগুলো আপনাকে পরীক্ষাটি কীভাবে করতে হবে তা জানাবে। আপনার কোনো অতিরিক্ত সহায়তা প্রয়োজন হলে – উদাহরণস্বরূপ, আপনার শারীরিক বা লার্নিং [শেখার] ডিজঅ্যাবিলিটি থাকলে – সহায়তা পাওয়া যায়। আপনি আপনার স্ব-পরীক্ষার আমন্ত্রণে যোগাযোগের বিবরণ পাবেন।

সার্ভিক্যাল স্ক্রিনিং এবং এইচপিভি স্ব-পরীক্ষার মধ্যে পার্থক্য কী

সার্ভিক্যাল ক্যান্সার থেকে নিজেকে সুরক্ষিত রাখার অন্যতম সেরা উপায় হলো সার্ভিক্যাল স্ক্রিনিং।

নিয়মিত সার্ভিক্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকার মতো সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি স্ব-পরীক্ষায় পরিবর্তন করা যে ততটাই কার্যকর, তা দেখানোর মতো প্রমাণ আমাদের এখনো নেই। কিন্তু আপনার স্ক্রিনিং না হয়ে থাকলে, স্ব-পরীক্ষা হলো পরবর্তী সেরা বিকল্প।

সার্ভিক্যাল স্ক্রিনিং

  • আপনার জিপি সার্জারি বা যৌন স্বাস্থ্য ক্লিনিকে অনুষ্ঠিত হয়।
  • একজন নার্স বা ডাক্তার আপনার সার্ভিক্স থেকে একটি ছোটো নমুনা নেন।
  • নমুনাটি উচ্চ-ঝুঁকির এইচপিভির জন্য পরীক্ষা করা হয়।
  • উচ্চ-ঝুঁকির এইচপিভি পাওয়া গেলে, নমুনাটি এরপর কোষের পরিবর্তনের জন্য পরীক্ষা করা হয় যা সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
  • এই পরিবর্তনগুলোর চিকিৎসা করা যেতে পারে।

এইচপিভি স্ব-পরীক্ষা

  • আপনি ঘরে বা কোনো ব্যক্তিগত স্থানে নিজেই নিজের নমুনা নেন।
  • পরীক্ষাটিতে একটি সোয়াব (কটন বাডের মতো কিছুটা) আপনার যোনির মধ্যে কয়েক সেন্টিমিটার ঢুকিয়ে একটি নমুনা সংগ্রহ করা হয়। কিটে পূর্ণ নির্দেশনা আছে।
  • তারপর আপনি নমুনাটি ডাকযোগে এনএইচএসে ফেরত পাঠান, যেখানে এটি উচ্চ-ঝুঁকির এইচপিভির জন্য পরীক্ষা করা হয়।
  • উচ্চ-ঝুঁকির এইচপিভি পাওয়া গেলে, আপনাকে আপনার জিপি সার্জারি বা যৌন স্বাস্থ্য ক্লিনিকে সার্ভিক্যাল স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলা হবে।
  • একজন নার্স বা ডাক্তার আপনার সার্ভিক্স থেকে একটি ছোটো নমুনা নেবেন, যা কোষের পরিবর্তনের জন্য পরীক্ষা করা যেতে পারে যা সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
  • এই পরিবর্তনগুলোর চিকিৎসা করা যেতে পারে।

সার্ভিক্স এবং যোনির অবস্থান দেখানো একটি চিত্র

স্ব-পরীক্ষার কিট কীভাবে পাবেন

এনএইচএস আপনাকে এইচপিভি স্ব-পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। আপনার আমন্ত্রণ এনএইচএস অ্যাপ, একটি টেক্সট মেসেজ (এসএমএস), একটি ইমেইল বা একটি চিঠির মাধ্যমে আসতে পারে।

আপনি আমন্ত্রণ পাওয়ার পর, এনএইচএস অ্যাপ বা আপনার এনএইচএস অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বিনামূল্যের কিট অর্ডার করতে নির্দেশনা অনুসরণ করুন। আপনার অ্যাকাউন্ট না থাকলে, আপনি একটি তৈরি করতে পারেন। আপনার আমন্ত্রণে কিট অর্ডার করার অন্যান্য উপায় সম্পর্কেও তথ্য অন্তর্ভুক্ত থাকে।

আপনার ফলাফল কীভাবে পাবেন

আপনি আপনার নমুনা নেওয়ার পর, দেওয়া খামে সেটি সরাসরি ডাকযোগে ফেরত পাঠান। ডাকমাশুল বিনামূল্যে।

আপনার ফলাফল 14 দিনের মধ্যে পাওয়া উচিত এবং আপনি তা এনএইচএস অ্যাপে বা চিঠির মাধ্যমে পাবেন।

ফলাফল আপনাকে কী জানাবে

এইচপিভি নেগেটিভ

আপনার পরীক্ষায় উচ্চ-ঝুঁকির এইচপিভি পাওয়া যায়নি। আপনি এখনও যোগ্য হলে, 5 বছর পর আপনাকে আবার সার্ভিক্যাল স্ক্রিনিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হবে। 

ভবিষ্যতে আপনার তারপরও এইচপিভি হতে পারে, তাই সার্ভিক্যাল ক্যান্সারের উপসর্গগুলো জানা গুরুত্বপূর্ণ। এনএইচএস ওয়েবসাইট সেগুলো ব্যাখ্যা করে: nhs.uk/conditions/cervical-cancer/symptoms/

এইচপিভি পজিটিভ

আপনার পরীক্ষায় উচ্চ-ঝুঁকির এইচপিভি পাওয়া গেছে। এর অর্থ এই নয় যে আপনার সার্ভিক্যাল ক্যান্সার আছে। সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এমন কোষের পরিবর্তন পরীক্ষা করার জন্য নমুনা নেওয়ার উদ্দেশ্যে আপনাকে আপনার জিপি সার্জারি বা যৌন স্বাস্থ্য ক্লিনিকে একটি সার্ভিক্যাল স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলা হবে।

এইচপিভি সম্পর্কে আরও জানুন এখানে nhs.uk/conditions/human-papilloma-virus-hpv/

এইচপিভি ফলাফল স্পষ্ট নয়

আপনার এইচপিভি স্ব-পরীক্ষা থেকে আমরা স্পষ্ট ফলাফল পেতে সক্ষম না হলে, আপনাকে এটি আবার করতে বলা হতে পারে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এবং এর অর্থ এই নয় যে আপনার ক্যান্সার আছে।

আপনি এইচপিভি স্ব-পরীক্ষা করতে না চাইলে কী করবেন

আপনি এখনও যেকোনো সময় সার্ভিক্যাল স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন – এমনকি আপনাকে কয়েক মাস বা বছর আগে সার্ভিক্যাল স্ক্রিনিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হলেও।

আপনার রুটিন সার্ভিক্যাল স্ক্রিনিং আপনার 60তম জন্মদিনে বা তার পরে নির্ধারিত থাকলে এবং আপনি উপস্থিত না হলে, আপনাকে জানানো হবে যে আপনি আর রুটিন আমন্ত্রণ পাবেন না। আপনি এইচপিভি স্ব-পরীক্ষার কিট অনুরোধ করার জন্য একটি আমন্ত্রণ পেতে পারেন।

আরও জানুন এখানে nhs.uk/cervicalscreening/

আপনার এইচপিভি ভ্যাকসিন নেওয়া হয়ে থাকলে

ভ্যাকসিন সব এইচপিভি ধরনের বিরুদ্ধে সুরক্ষা দেয় না। আপনার এইচপিভি ভ্যাকসিন নেওয়া হয়ে থাকলেও, আপনার তবুও সার্ভিক্যাল স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টে যাওয়া উচিত অথবা, আমন্ত্রণ জানানো হলে, এইচপিভি স্ব-পরীক্ষা করা উচিত। 

আপনার বয়স 25 বছরের কম হলে এবং আপনার বয়স 12 বা 13 থাকাকালে আপনি আপনার এইচপিভি ভ্যাকসিন মিস করে থাকলে, টিকা নেওয়ার জন্য আপনার জিপি সার্জারির সঙ্গে যোগাযোগ করুন। 

আমরা আপনার তথ্য কীভাবে ব্যবহার করি

সঠিক সময়ে আপনাকে আমন্ত্রণ জানাতে এবং স্ক্রিনিং প্রোগ্রাম উন্নত করতে আমরা আপনার এনএইচএস রেকর্ড ব্যবহার করি।

আমরা কীভাবে আপনার তথ্য ব্যবহার ও সুরক্ষিত রাখি সে সম্পর্কে আরও পড়ুন এখানে এনএইচএস স্ক্রিনিংয়ে রোগীর গোপনীয়তা

এনএইচএস স্ক্রিনিং প্রোগ্রাম থেকে বেরিয়ে আসা সম্পর্কে আরও পড়ুন।

বিকল্প সংস্করণ

এই তথ্য অন্যান্য ভাষায় এবং ইজি-রিড ফরম্যাটে পাওয়া যায়:

আপনি কল বা ইমেইল করার সময় অনুগ্রহ করে আমাদের আপনার রেফারেন্স নম্বর দিন। আপনি এটি আপনার আমন্ত্রণে খুঁজে পাবেন।