অ্যানেন্সেফালি: পিতামাতার জন্য তথ্য (Bengali)
Updated 9 July 2026
Applies to England
ওভারভিউ
যদি 20-সপ্তাহের স্ক্যান (যাকে মাঝেমধ্যে মিড-প্রেগন্যান্সি স্ক্যান বলা হয়) থেকে আপনার শিশুর ‘অ্যানেন্সেফালি’ (উচ্চারণ: অ্যান-এন-কেফ-আলি) হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এই তথ্য আপনার উপকারে আসবে। আপনাকে ও আপনার হেলথ প্রফেশনালদেরকে আপনার ও আপনার সন্তানের চিকিৎসা ও সেবার পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এই তথ্য সাহায্য করবে। এই তথ্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আপনার আলোচনার জন্য একটি সহায়ক নির্দেশিকা হিসেবে কাজ করবে, তবে তা প্রতিস্থাপন করবে না।
শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে কোনো সমস্যা থাকতে পারে বলে জানা গেলে তা উদ্বেগের কারণ হতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি একা নন।
আমরা আপনাকে একটি বিশেষজ্ঞ দলের কাছে রেফার করব, যারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করবে:
- আপনার সন্তানের অবস্থা সম্পর্কে আরো সঠিক তথ্য প্রদান করবেন।
- আপনার প্রশ্নের উত্তর দেবে
- পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করতে আপনাকে সাহায্য করবে
অ্যানেন্সেফালি সম্পর্কে
অ্যানেন্সেফালি হলো জীবন-সীমিতকারী একটি অবস্থা, যেখানে গর্ভস্থ শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ড (ভ্রূণের স্নায়ুতন্ত্র) সঠিকভাবে বিকশিত হয় না। এটি অত্যন্ত গুরুতর একটি অবস্থা যেখানে শিশুর মাথার খুলি এবং মস্তিষ্কের বড় বড় অংশই গঠিত হয় না। এর ফলে শিশুর মুখমণ্ডল এবং ঘাড়ও প্রভাবিত হতে পারে।
গর্ভাবস্থার শুরুর দিকে, গর্ভস্থ শিশুর স্নায়ুতন্ত্র একটি একক গঠন হিসেবে তৈরি হতে শুরু করে, যাকে ‘নিউরাল প্লেট’ বলা হয়। গর্ভাবস্থার 28তম দিনের মধ্যে, নিউরাল প্লেটটি ভাঁজ ও বন্ধ হয়ে একটি ‘নিউরাল টিউব’ গঠন করার কথা। যদি নিউরাল টিউবটি পুরোপুরি বন্ধ না হয়, তাহলে নিউরাল টিউব ডিফেক্ট (NTD) সৃষ্টি হয়, যেমন অ্যানেন্সেফালি।
কারণ
অ্যানেন্সেফালি-এর সঠিক কারণ আমাদের জানা নেই। এটা এমন কিছু নয় যা আপনার করা বা না করার জন্য ঘটে থাকে।
প্রতি 10,000 জন শিশুর মধ্যে প্রায় 5 জন শিশুর (0.05%) অ্যানেন্সেফালি শনাক্ত হয়।
যেভাবে আমরা অ্যানেন্সেফালি শনাক্ত করি
আমরা 20-সপ্তাহের স্ক্যানে (গর্ভাবস্থার 18+0 থেকে 20+6 সপ্তাহের মধ্যে) অ্যানেন্সেফালি শনাক্ত করার জন্য স্ক্রিনিং করি। অনেক সময় আমরা গর্ভাবস্থার প্রায় 12 সপ্তাহের আগের স্ক্যানেই এটি লক্ষ্য করি।
ফলোআপ পরীক্ষা ও অ্যাপয়েন্টমেন্ট
স্ক্যানের ফলাফল অনুযায়ী আপনার শিশুর অ্যানেন্সেফালি থাকার সম্ভাবনা দেখা দেওয়ায়, আমরা আপনাকে একটি বিশেষজ্ঞ টিমের কাছে রেফার করছি যারা গর্ভবতী মা ও জন্মের আগে তাদের সন্তানদেরকে চিকিৎসা সেবা প্রদানে অভিজ্ঞ। তারা হয়তো সেই হাসপাতালে থাকতে পারেন যেখানে আপনি বর্তমানে প্রসবপূর্ব সেবা নিচ্ছেন, অথবা অন্য কোনো হাসপাতালে। আপনার শিশুর এই অবস্থাটি নিশ্চিত করার জন্য আপনাকে দ্বিতীয় স্ক্যান করার প্রয়োজন হবে। বিশেষজ্ঞ টিম নিশ্চিত করতে পারবেন আপনার সন্তানের অ্যানেন্সেফালি আছে কি না এবং এর মানে কী।
বিশেষজ্ঞ টিমের সাথে সাক্ষাৎ করার আগে আপনার মনের প্রশ্নগুলো যদি আপনি লিখে রাখেন তাহলে সুবিধা হতে পারে।
ফলাফল
অ্যানেন্সেফালির কোনো চিকিৎসা নেই। দুঃখজনকভাবে, এই সমস্যায় আক্রান্ত অধিকাংশ শিশুই (প্রতি 4 জনে 3 জন পর্যন্ত) মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। যেসব শিশু গর্ভাবস্থার পুরো সময়জুড়ে বেঁচে থাকে, তারা জন্মের অল্প সময় পরেই মারা যায়। খুব বিরল ক্ষেত্রে, কিছু শিশু কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
পরবর্তী পদক্ষেপ এবং পছন্দ
আপনি আপনার গর্ভাবস্থায় চিকিৎসা প্রদানকারী টিমের সাথে আপনার সন্তানের অ্যানেন্সেফালি ও আপনার বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে পারেন। এর মধ্যে আপনার গর্ভাবস্থা চালিয়ে যাওয়া বা গর্ভপাতের সমাপ্তি অন্তর্ভুক্ত থাকবে। অ্যানেন্সেফালি সম্পর্কে আপনি আরো জানতে চাইতে পারেন। এই পরিস্থিতিতে পিতা-মাতাকে সাহায্য করার ব্যাপারে অভিজ্ঞ সহায়তামূলক সংগঠনের সঙ্গে কথা বললে আপনি উপকৃত হতে পারেন।
আপনি এই অবস্থায়ও গর্ভাবস্থা বজায় রাখতে চাইলে বিশেষজ্ঞ টিম আপনার চিকিৎসা পরিকল্পনা করার ব্যাপারে সহযোগিতা করবেন। যেহেতু দুঃখজনকভাবে অ্যানেন্সেফালির কোনো চিকিৎসা নেই, তাই জন্মের পর আপনার শিশুর যত্ন কিভাবে নিতে চান, সে বিষয়ে বিশেষজ্ঞ দলটি আপনার সাথে আলোচনা করবেন। এটিকে প্যালিয়েটিভ কেয়ার বলা হয়। যখন কোনো রোগের চিকিৎসা বা নিরাময় সম্ভব হয় না, তখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা রোগীর উপসর্গগুলো কমাতে এবং তাকে আরামদায়ক অবস্থায় রাখতে যে সহায়তা করেন, তাকেই ‘প্যালিয়েটিভ কেয়ার’ বলা হয়। অ্যানেন্সেফালির ক্ষেত্রে, আপনার শিশুকে মৃত্যু পর্যন্ত আরামদায়ক অবস্থায় রাখা হবে, যা সাধারণত জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে থাকে।
যদি আপনি প্রেগনেন্সি অবসান করার সিদ্ধান্ত নেন, তবে আপনাকে এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় এবং কীভাবে আপনাকে সহায়তা করা হবে সে সম্পর্কে তথ্য দেওয়া হবে। আপনাকে কোথায় এবং কীভাবে গর্ভাবসান করা হবে সে বিষয়ে পছন্দের সুযোগ দেওয়া হবে এবং আপনার ও আপনার পরিবারের জন্য ব্যক্তিগতভাবে উপযুক্ত সহায়তা প্রদান করা হবে।
আপনি যদি আপনার শিশুর কিছু স্মৃতি তৈরি করতে চান, তাহলে হাসপাতালের কর্মীরা আপনাকে এবং আপনার পরিবারকে তা করতে সহায়তা করবেন।
শুধুমাত্র আপনিই জানেন আপনার এবং আপনার পরিবারের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত কী। আপনি যে সিদ্ধান্তই নেন না কেন, আপনার স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ দল আপনাকে সহায়তা করবে।
ভবিষ্যৎ প্রেগনেন্সির জন্য
পরবর্তী গর্ভধারণের সময় এই সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে, আপনার যদি আগে অ্যানেন্সেফালিতে আক্রান্ত কোনো শিশু হয়ে থাকে, তাহলে পরবর্তী সময়ে আবারও একই সমস্যায় আক্রান্ত শিশু হওয়ার ঝুঁকি কম থাকে, যা সর্বোচ্চ 2% (প্রতি 100 জনে 2 জন) পর্যন্ত।
আপনার রক্তে ফোলেট (ফলিক অ্যাসিড)-এর মাত্রা কম থাকার সাথে অ্যানেন্সেফালির সম্পর্ক থাকতে পারে। পরবর্তী গর্ভাবস্থার পরিকল্পনা করার ক্ষেত্রে, যাদের পূর্বের গর্ভাবস্থায় শিশু অ্যানেন্সেফালিতে আক্রান্ত হয়েছিল, তাদের জন্য গর্ভধারণের আগে থেকে শুরু করে গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহ পর্যন্ত (প্রতিদিন সাধারণ মাত্রার 0.4 মি.গ্রা. এর পরিবর্তে 5 মি.গ্রা) উচ্চ মাত্রার ফলিক অ্যাসিড গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যতে গর্ভধারণ নিয়ে আলোচনা করার জন্য আপনাকে একজন জেনেটিক কাউন্সেলরের কাছে প্রেরণ করা হতে পারে।
আরও তথ্য
Antenatal Results and Choices (ARC) হলো একটি জাতীয় দাতব্য সংস্থা, যেটি প্রেগনেন্সি চালিয়ে যাওয়া উচিত হবে কি না এবং স্ক্রিনিং ও ডায়াগনসিসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে জনগণকে সহায়তা করে।
Shine হলো একটি জাতীয় দাতব্য সংস্থা, যা সমগ্র ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে অ্যানেন্সেফালি সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ ও সহায়তা প্রদান করে থাকে।
NHS ইংল্যান্ড কিভাবে আপনার স্ক্রিনিং সংক্রান্ত তথ্য ব্যবহার করে এবং সুরক্ষিত রাখে তা জেনে নিন।