পরিচালনা

আপনার পেটের বৃহৎ অ্যাওর্টিক অ্যানিউরিজম (AAA)-এর পরিচালনা করা (Bengali)

হালনাগাদ করা হয়েছে 5 ফেব্রুয়ারি 2026

Applies to England

এই তথ্য সেই সকল ব্যক্তিদের জন্য যাদের স্ক্রিনিংয়ের ফলাফল হল পেটের বৃহৎ অ্যাওর্টিক অ্যানিউরিজম (AAA)।

আপনার AAA স্ক্রিনিংয়ের ফলাফল

যখন আমরা আপনার স্ক্রিনিং করেছিলাম, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে আপনার মহাধমনী 5.5 সেমি অথবা এর চেয়ে অধিকতর প্রশস্ত। এটি স্বাভাবিকের চেয়ে অধিকতর বেশি প্রশস্ত, আর এর অর্থ হল আপনার বৃহৎ AAA আছে।

আমরা যত পুরুষদের স্ক্রিনিং করি, তাদের 2,500 জনের মধ্যে প্রায় 1 জনের AAA থাকে।

আমরা একজন স্পেশালিষ্টের সাথে দেখা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করব, যা সাধারণত 2 সপ্তাহের মধ্যে হয়ে থাকে। স্পেশালিষ্ট আরো পরীক্ষার ব্যবস্থা করবেন এবং সম্ভাব্য চিকিৎসা বিকল্পগুলো সম্পর্কে আপনার সাথে কথা বলবেন। বৃহৎ AAA-এর স্বাভাবিক চিকিৎসা হল সার্জারি।

পেটের অ্যাওর্টিক অ্যানিউরিজম (AAA)

AAA হলো মহাধমনীর ফোলাভাব। মহাধমনী হল এমন একটি ধমনী যা হৃদপিণ্ড থেকে পেটে (পেটে) রক্ত বহন করে।

কিছু কিছু মানুষের ক্ষেত্রে, বয়স বাড়ার সাথে সাথে পেটের মহাধমনীর প্রাচীর দুর্বল হয়ে যেতে পারে। এরপর এটি ফুলে উঠতে শুরু করতে পারে (বেলুনের মতো) এবং অ্যানিউরিজম তৈরি করতে পারে।

65 বছর অথবা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে এই অবস্থা অত্যন্ত সাধারণ।

আপনার ফলাফলকে বোঝা                                       

একটি বৃহৎ AAA গুরুতর হতে পারে। মহাধমনীর প্রাচীর প্রসারিত হওয়ার সাথে সাথে এটি দুর্বল হয়ে পড়ে এবং ফেটে যেতে পারে, যার ফলে অভ্যন্তরীণ রক্তপাত হতে পারে। যদি এটি ঘটে, তাহলে এটি একটি মেডিকেল জরুরি অবস্থা।

AAA ফেটে গিয়েছে এমন প্রতি 100 জনের মধ্যে প্রায় 85 জন মারা যায়। বৃহৎ AAA ফেটে যাওয়ার ঝুঁকি সাধারণত মেরামত করার অপারেশনের ঝুঁকির চেয়ে বেশি থাকে।

এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে যাদের AAA আছে তাদের বেশিরভাগের ক্ষেত্রেই তা ফেটে যায় না। আপনার স্ক্রিনিংয়ের ফলাফল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনার লোকাল AAA স্ক্রিনিং সার্ভিসের সাথে যোগাযোগ করুন।

এর পর কী হবে

আমরা আপনার বিস্তারিত তথ্য একটি স্পেশালিষ্ট ভাস্কুলার টিমের কাছে পৌঁছে দেব। তারা সাধারণত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট দেবেন। স্পেশালিষ্টরা যা করবেন তা হল:

  • আপনার চিকিৎসার ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করা
  • পূর্ণাঙ্গ পরীক্ষা করা
  • আপনার মহাধমনীর আরো বিস্তারিত দৃশ্য পেতে একটি সিটি স্ক্যানের ব্যবস্থা করা।
  • প্রয়োজনে, আপনার হৃদপিণ্ড, ফুসফুস এবং কিডনির আরো পরীক্ষা করানোর ব্যবস্থা করা যাতে আপনি সার্জারির জন্য উপযুক্ত কিনা তা পরীক্ষা করতে পারেন
  • চিকিৎসার সুবিধা ও ঝুঁকি সম্পর্কে আপনার সাথে কথা বলা
  • আপনার যেকোনো প্রশ্নের উত্তর দেবেন।

বৃহৎ AAA-এর জন্য সার্জারি

স্পেশালিষ্ট ভাস্কুলার টিম আপনার সাথে চিকিৎসার বিকল্প এবং সম্ভাব্য ঝুঁকিগুলো সম্পর্কে কথা বলবে।

স্ক্রিনিংয়ের মাধ্যমে পাওয়া AAA-এর চিকিৎসা সাধারণত কার্যকর হয়। তবে, সব অপারেশনেরই ঝুঁকি থাকে। AAA মেরামতের জন্য করা সার্জারির পরে 67 জনের মধ্যে প্রায় 1 জন মারা যান।

যদি আপনার অন্যান্য গুরুতর শারীরিক সমস্যা থাকে, তাহলে সার্জারির ঝুঁকি আরো বেশি হতে পারে। অল্প সংখ্যক পুরুষের ক্ষেত্রে, সার্জারি করা সম্ভব নাও হতে পারে।

আপনার AAA-এর জন্য সার্জারির প্রয়োজন হলে জটিলতার ঝুঁকি কমাতে আপনি যা যা করতে পারেন:

  • ধূমপান বন্ধ করা, যদি আপনি ধূমপায়ী হন - আরো তথ্যের জন্য দেখুন www.nhs.uk/better-health/quit-smoking
  • আপনার রক্তচাপ নিরাপদ সীমার মধ্যে আছে কিনা তা নিশ্চিত করা
  • স্বাস্থ্যকর খাবার খাওয়া
  • ওজন কমানো, যদি আপনার ওজন বেশি হয়
  • সামগ্রিক ফিটনেস উন্নত করতে প্রতিদিন সক্রিয় থাকা
  • অ্যালকোহলের পরিমাণ কমানো।

অপারেশন করানো আপনার ইচ্ছা। যদি আপনি অপারেশন করাতে না চান সেক্ষেত্রে স্পেশালিষ্ট টিম আপনার সাথে অন্যান্য বিকল্পগুলো নিয়ে কথা বলবেন।

আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া

আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আপনার জিপি আপনাকে পরামর্শ দিতে পারেন। তারা আপনাকে ওষুধ দিতে অথবা আপনি ইতিমধ্যেই যে প্রেসক্রাইব করা ওষুধ গ্রহণ করছেন তা পর্যালোচনা করতে চাইতে পারেন।

যদি আপনি কোনো কারণে হাসপাতালে যান, সেক্ষেত্রে আপনাকে স্টাফদের জানাতে হবে যে স্ক্রিনিংয়ের মাধ্যমে আপনার একটি বৃহৎ AAA পাওয়া গিয়েছে।

আপনার জীবনযাত্রায় অন্য কোনো পরিবর্তন আনার দরকার নেই। আপনি যেকোনো খেলাধুলা অথবা শখের কাজ করা চালিয়ে যেতে পারেন।

যেসব উপসর্গের ব্যাপারে সচেতন থাকতে হবে

AAA-এর সাধারণত কোনো উপসর্গ থাকে না, আর তাই এই কারণে আপনার কোনো ব্যথা অথবা অস্বস্তি বোধ করার সম্ভাবনা কম। তবে, একটি ফেটে যাওয়ার AAA-এর যেকোনো উপসর্গ সম্পর্কে সচেতন থাকাটা গুরুত্বপূর্ণ।

যদি আপনার তলপেটে অথবা পিঠের নিচের দিকে তীব্র, দীর্ঘস্থায়ী ব্যথা হয়, সেক্ষেত্রে আপনাকে জরুরি চিকিৎসা সহায়তা নিতে হবে। অ্যাম্বুলেন্স কল করুন অথবা সরাসরি A&E-তে চলে যান এবং তাদের বলুন যে আপনার একটি বৃহৎ AAA আছে।

নিকটাত্মীয়দের বলা

আপনার আপন ভাই, বোন অথবা মা-বাবার যদি AAA থেকে থাকে, সেক্ষেত্রে AAA হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

এর অর্থ হল আপনার যেকোনো ভাই, বোন অথবা সন্তানও ঝুঁকিতে থাকতে পারে। যখন আপনার AAA পাওয়া গিয়েছিল সেই সময়ে পৌঁছানোর 5 বছর আগেই তারা তাদের জিপিকে স্ক্যান করানোর সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন।

ড্রাইভিং

গাড়ি চালক এবং মোটরসাইকেল চালক:

  • আপনার AAA 6 সেমি অথবা তার বেশি হলে DVLA কে অবশ্যই জানাতে হবে
  • আপনার AAA 6.5 সেমি অথবা তার বেশি হলে অবশ্যই গাড়ি চালাবেন না কিন্তু সফলভাবে চিকিৎসা করার পর আবারো গাড়ি চালাতে পারেন।

বাস, কোচ এবং লরি চালক:

  • আকার নির্বিশেষে, DVLA-কে জানান যে আপনার AAA আছে
  • অবশ্যই গাড়ি চালাবেন না, কেননা আপনার AAA 5.5 সেমি প্রশস্ত অথবা এর চেয়ে বড়, কিন্তু সফলভাবে চিকিৎসা করার পর আবার গাড়ি চালাতে পারবেন।

আরো জানতে www.gov.uk/aneurysm-and-driving দেখুন।

আরো তথ্য ও সহায়তা

আপনি আরও তথ্য পেতে পারেন এখানে:

সঠিক সময়ে স্ক্রিনিংয়ের জন্য আপনাকে আসতে বলতে আমরা আপনার এনএইচএস রেকর্ড থেকে নেওয়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করি। এই তথ্য আমাদেরকে স্ক্রিনিং প্রোগ্রামটিকে আরো উন্নত করতে এবং মানসম্মত সেবা প্রদান করতে সহযোগিতা করে। আমরা কিভাবে আপনার তথ্য ব্যবহার ও সুরক্ষিত রাখি সে সম্পর্কে আরো পড়ুন।

স্ক্রিনিং থেকে কিভাবে নিজেকে প্রত্যাহার করবেন তা জানুন।