Skip to main content
পরিচালনা

এইচপিভি স্ব-পরীক্ষার কিট: কীভাবে ব্যবহার করবেন (Hologic) (Bengali)

প্রকাশিত হয়েছে 24 আগস্ট 2026

Applies to England

এইচপিভি স্ব-পরীক্ষার কিট অনুরোধ করার জন্য আপনাকে ধন্যবাদ।

এই এইচপিভি স্ব-পরীক্ষার কিটটি শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য এবং এটি অন্য কারও সঙ্গে ভাগ করা বা অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া উচিত নয়।

অনুগ্রহ করে আপনার কিটের সঙ্গে অন্তর্ভুক্ত নির্দেশাবলি অনুসরণ করুন।

আপনার অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে (উদাহরণস্বরূপ, শারীরিক বা শেখার ক্ষেত্রে ডিজঅ্যাবিলিটির কারণে), 0300 303 2724 নম্বরে ফোন করুন।

আপনার মাসিক চলাকালীন, গর্ভবতী অবস্থায়, অথবা গর্ভাবস্থা বা স্ত্রীরোগ-সংক্রান্ত অস্ত্রোপচারের তিন মাসের মধ্যে আপনার নমুনা সংগ্রহ করবেন না। 

আপনার স্ব-পরীক্ষা নেওয়ার আগের 3 দিনে যোনিতে ব্যবহারের ওভিউল, যোনিপথে ব্যবহারের গর্ভনিরোধক, ক্রিম, ধোয়ার উপকরণ, লুব্রিক্যান্ট বা কনডম ব্যবহার করে থাকলে আপনার নমুনা সংগ্রহ করবেন না। 

আপনি যদি জরায়ুমুখের ক্যান্সার নিয়ে উদ্বিগ্ন হন বা আপনার কোনো নতুন বা অস্বাভাবিক উপসর্গ থাকে, আপনার নমুনা সংগ্রহ করবেন না, যত দ্রুত সম্ভব আপনার জিপির সঙ্গে যোগাযোগ করুন। উপসর্গগুলোর মধ্যে রয়েছে:

  • যৌনমিলনের সময় বা পরে, মাসিকের মধ্যবর্তী সময়ে, অথবা মেনোপজের পরে রক্তপাত 
  • যৌনমিলনের সময় ব্যথা 
  • যোনিপথ থেকে এমন স্রাব যা স্বাভাবিকের চেয়ে বেশি বা যার অস্বাভাবিক গন্ধ রয়েছে

এই উপসর্গগুলোর পরীক্ষা না হওয়া পর্যন্ত আপনার স্ব-পরীক্ষা ব্যবহার করবেন না। 

আপনার স্ব-পরীক্ষা নেওয়ার পর 24 ঘণ্টার মধ্যে সরবরাহ করা ফেরত পাঠানোর খাম ব্যবহার করে আপনার স্ব-পরীক্ষা ফেরত পাঠান।

14 দিনের মধ্যে আপনার ফলাফল না পেলে, স্ব-পরীক্ষা সম্পর্কে প্রশ্ন থাকলে, অথবা আপনার কিট ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে, 0300 303 2724 নম্বরে ফোন করুন।

এনএইচএস জরায়ুমুখ স্ক্রিনিং কর্মসূচি

এই কিটে রয়েছে

নিরাপত্তা সংক্রান্ত তথ্য

শিশুদের নাগালের বাইরে রাখুন। সংগ্রহের টিউবে থাকা তরল গিলে ফেলবেন না। তরলটি গিলে ফেললে অথবা চোখের সংস্পর্শে এলে, প্রচুর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন এবং পরামর্শের জন্য এনএইচএস 111 অথবা কোনো স্বাস্থ্যসেবা পেশাজীবীর সঙ্গে যোগাযোগ করুন। উপসর্গ গুরুতর হলে বা আপনি উদ্বিগ্ন হলে, জরুরি চিকিৎসা সহায়তা নিন।

গুরুত্বপূর্ণ 

এই কিটটি এমন একটি উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে যা এইচপিভি পরীক্ষার প্রস্তুতকারকের নির্ধারিত ব্যবহার থেকে ভিন্ন (“অফ-লেবেল”)। এর অর্থ এই নয় যে এইচপিভি পরীক্ষা অনিরাপদ বা অনির্ভরযোগ্য, তবে এটি মূলত যেভাবে নির্দিষ্ট করা হয়েছিল তার থেকে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে। এ ক্ষেত্রে, সোয়াবটি ক্লিনিকে ব্যবহারের পরিবর্তে বাড়িতে ব্যবহারের জন্য মানুষের কাছে পাঠানো হচ্ছে এবং পরীক্ষাগারটি নিজে সংগ্রহ করা নমুনার উপযোগী একটি প্রক্রিয়া ব্যবহার করে।

শুরু করার আগে

  • কিটে কী রয়েছে তার ছবিতে দেখানো সব সামগ্রী আপনার কাছে আছে কি না পরীক্ষা করুন। কোনো কিছু অনুপস্থিত বা ক্ষতিগ্রস্ত হলে, কিটটি ব্যবহার করবেন না। 0300 303 2724 নম্বরে হেল্পলাইনে ফোন করুন। 
  • অনুগ্রহ করে আপনার স্ব-পরীক্ষা নেওয়ার আগে এবং পরে সাবান ও পানি দিয়ে আপনার হাত ধুয়ে নিন। 
  • নির্দেশাবলি পড়ে নেওয়ার পর, স্ব-পরীক্ষাটি সম্পন্ন করতে মাত্র কয়েক মিনিট লাগবে।

1. হাত ধুয়ে নিন 

  • অনুগ্রহ করে আপনার স্ব-পরীক্ষা নেওয়ার আগে এবং পরে সাবান ও পানি দিয়ে আপনার হাত ধুয়ে নিন।

2. উপাদানগুলো বের করুন 

  • স্বচ্ছ বাইরের প্যাকেজিং থেকে সোয়াব এবং টিউব বের করুন।

3. ঢাকনা খুলুন 

  • আপনার টিউব থেকে ঢাকনাটি খুলুন। ঢাকনা এবং টিউব দুটিই একটি সমতল পৃষ্ঠে রাখুন। 
  • তরল রয়েছে এবং তা ছিটিয়ে ফেলা যাবে না।

4. সোয়াব বের করুন 

  • নরম ডগাটি স্পর্শ না করে সোয়াবের প্যাকেটটি সাবধানে খুলুন। 
  • স্ব-পরীক্ষা নেওয়ার আগে সোয়াবটি সংগ্রহের টিউবে রাখবেন না।

5. সোয়াব ধরার পদ্ধতি 

  • সোয়াবটি কালো রেখায় ধরে রাখুন, এতে আপনি সোয়াবটি খুব বেশি ভেতরে ঢুকিয়ে ফেলবেন না। 
  • স্ব-পরীক্ষা নেওয়ার আগে সোয়াবটি যেন কোনো কিছু স্পর্শ না করে তা নিশ্চিত করুন। 
  • আপনি সোয়াবের কালো রেখাটি স্পর্শ করে বুঝতে পারবেন।

6. আরামদায়ক অবস্থানে থাকুন 

  • একটি আরামদায়ক অবস্থানে থাকুন, উদাহরণস্বরূপ ট্যাম্পন ঢোকানোর সময় যেভাবে থাকেন। 
  • আপনি বসে, দাঁড়িয়ে বা শুয়ে স্ব-পরীক্ষার কিট ব্যবহার করতে পারেন।

7. ঢোকানোর জন্য প্রস্তুত হোন 

  • পা দুটো আলাদা করে, আপনার যোনির বাইরের ত্বক আলতো করে সরিয়ে ধরুন। 
  • ডগাটি আপনার কোমরের নিচের অংশের দিকে নির্দেশ করুন এবং ধীরে ধীরে সোয়াবের ডগাটি আপনার যোনির ভেতরে 5 সেমি ঢোকান (প্রায় 2 ইঞ্চি, অথবা আপনার তর্জনীর প্রথম দুটি গাঁটের দৈর্ঘ্যের সমান)। 
  • এটি কালো রেখার নিচে।

8. সোয়াব ঢোকান 

  • সোয়াবটি সহজে ভেতরে না ঢুকলে, ঢোকানোর সময় আলতো করে ঘোরান। কালো রেখায় থাকা আপনার আঙুলগুলো আপনাকে খুব বেশি ভেতরে ঢোকা থেকে বিরত রাখবে। 
  • সোয়াবের শেষ অংশটি আপনার জরায়ুমুখ স্পর্শ করার প্রয়োজন নেই। 
  • এতে অস্বস্তি হওয়ার কথা নয়, তবে অস্বস্তি হলে চালিয়ে যাবেন না। 0300 303 2724 নম্বরে হেল্পলাইনে ফোন করুন।

9. সোয়াবটি আলতো করে ঘোরান 

  • সোয়াবের কাঠিটি আপনার যোনির ভেতরে 10-30 সেকেন্ড ধরে ঘোরান, নিশ্চিত করুন এটি আপনার যোনির দেয়াল স্পর্শ করছে। 
  • সোয়াবটি আলতো করে টেনে বের করুন।

10. সোয়াবটি টিউবে ঢোকান 

  • আপনার সোয়াবটি টিউবের ভেতরে রাখুন, নরম ডগাটি টিউবের নিচের দিকে থাকবে। 
  • টিউবের ভেতরের কোনো তরল ছিটিয়ে ফেলবেন না।

11. টিউবের ভেতরে সোয়াবটি ভেঙে নিন 

  • টিউবের কিনারায় কালো রেখাটি রেখে, সোয়াবটি ভেঙে যাওয়া পর্যন্ত বাঁকান। 
  • আপনি সোয়াবের কালো রেখাটি স্পর্শ করে বুঝতে পারবেন। 
  • সোয়াবটি টিউবের ভেতরে থাকা উচিত।

12. টিউবের ঢাকনা আবার ঘুরিয়ে লাগান 

  • টিউবের ঢাকনাটি শক্ত করে আবার ঘুরিয়ে লাগান এবং টিউবটি নিরাপদ রাখতে প্যাকেজিংয়ের ভেতরে রাখুন। 
  • তরল ছিটকে গেলে, স্ব-পরীক্ষাটি ফেরত পাঠাবেন না। 0300 303 2724 নম্বরে হেল্পলাইনে ফোন করুন।

13. লেবেল পূরণ করুন 

  • একটি কলম ব্যবহার করে, আপনার স্ব-পরীক্ষা নেওয়ার তারিখটি সেফটিপাউচের পেছনে থাকা লেবেলে লিখুন।

14. ডাকযোগে পাঠানোর জন্য আপনার সংগ্রহের টিউব প্রস্তুত করুন 

  • সোয়াবসহ টিউবটি আপনার সেফটিপাউচের ভেতরে ঢোকান। 
  • হলুদ ফালিটি সরিয়ে ওপরের অংশ ভাঁজ করে সিল করুন, নিশ্চিত করুন আপনার টিউবটি ভেতরে রয়েছে। 
  • নির্দেশাবলি সেফটিপাউচের সামনের দিকে পাওয়া যাবে।

15. সেফটিপাউচ খামের ভেতরে ঢোকান 

  • সেফটিপাউচটি ফেরত পাঠানোর খামের ভেতরে রাখুন এবং সিল করুন।

16. ডাকবাক্সে ফেলুন 

  • আপনার স্ব-পরীক্ষা নেওয়ার 24 ঘণ্টার মধ্যে ইউকের যেকোনো ডাকবাক্সে ফেলুন।