Skip to main content
পরিচালনা

অন্ত্রের ক্যান্সার স্ক্রিনিং: CT কোলনোগ্রাফি (CTC) স্ক্যান (Bengali)

হালনাগাদ করা হয়েছে 5 নভেম্বর 2026

Applies to England

এখানে আপনি NHS অন্ত্রের ক্যান্সার স্ক্রিনিং এর অংশ হিসাবে CTC স্ক্যান করানো বিষয়ক তথ্য পাবেন। আপনার স্থানীয় এক্স-রে ডিপার্টমেন্ট থেকে আপনি আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

CTC

CT কোলনোগ্রাফি হলো একটি কম্পিউটেড টমোগ্রাফি (CT) পরীক্ষা যার মাধ্যমে বৃহদন্ত্র (কোলন) দেখা হয়। অন্ত্রের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থাতেই সেটি নির্ণয় করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়।

CT মেশিনে বিস্তারিত ছবি তৈরি করার জন্য এক্স-রে এবং আধুনিক ও উন্নত কম্পিউটার ব্যবহার করা হয়। তারপর এই ছবি পরীক্ষা করে আমরা অন্ত্রের অবস্থা নির্ণয় করি।

আপনাকে CTC স্ক্যানের পরামর্শ দেওয়ার কারণ

2টি কারণের যেকোনো একটির জন্য আমরা আপনাকে CTC স্ক্যানের পরামর্শ দিয়েছি। হয়:

  • আপনি কোলনোস্কোপি করিয়েছেন, কিন্তু আমরা আপনার বৃহদন্ত্রের পূর্ণ দৈর্ঘ্য চিত্র দেখতে পারিনি, অথবা
  • আপনাকে বলা হয়েছে যে কোলনোস্কোপি আপনার জন্য উপযুক্ত নয়

CTC স্ক্যান করানো আগে

ভালো মান সম্পন্ন ছবি পাওয়ার জন্য অন্ত্রকে খুব ভালোভাবে প্রস্তুত করা জরুরি।

স্ক্যান করাতে আসার আগে আমরা আপনাকে আপনি যে খাবারগুলো এড়িয়ে চলবেন সেগুলোর একটি তালিকা এবং অন্ত্রের প্রস্তুতির জন্য ওষুধের নাম প্রদান করবো। অনুগ্রহ করে খুব সতর্কতার সাথে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।

আপনি যদি ডায়বেটিক হন, তাহলে পরীক্ষার তারিখের কমপক্ষে 3 দিন পূর্বে এক্স-রে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করুন কারণ আপনার খাওয়া-দাওয়া বিষয়ক ভিন্ন কোনো নির্দেশনার প্রয়োজন হতে পারে।

স্ক্যানের সময়

কর্মীরা আপনার দেখাশুনা করবেন। তারা আপনাকে প্রক্রিয়াটি বুঝিয়ে বলবেন এবং জামা পরিবর্তন করে হাসপাতালের একটি গাউন পরতে বলবেন।

আমরা আপনার হাতের একটি শিরায় একটি ছোট ক্যানুলা (সুঁই) প্রবেশ করাতে পারি। কেউ একজন আপনাকে স্ক্যানার টেবিলে উঠতে সাহায্য করবেন এবং পাশ ফিরতে বলবেন।

আপনার মলদ্বার দিয়ে একটি সরু নমনীয় টিউব প্রবেশ করানো হবে। আপনার বৃহদান্ত্র ফোলানোর জন্য টিউব দিয়ে কিছু কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবেশ করানো হবে। অন্ত্র ফুলিয়ে রাখার প্রয়োজনে পরবর্তীতে আরো গ্যাস প্রবাশ করানো হতে পারে। আপনার অস্বস্তি কমাতে আমরা ক্যানুলা দিয়ে পেশী শিথিলকারী ওষুধ প্রবেশ করাতে পারি।

প্রথম স্ক্যানের জন্য সঠিক অবস্থানে আসতে রেডিওগ্রাফার আপনাকে সাহায্য করবেন। রেডিওগ্রাফি কর্মীরা দ্রুতই কক্ষ থেকে বেরিয়ে যাবেন, তবে স্ক্যানার রুমের জানালা দিয়ে তারা আপনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। ইন্টারকম সিস্টেমের সাহায্যে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। স্ক্যান শুরু হওয়ার পর আপনাকে কয়েক সেকেন্ড শ্বাস ধরে রাখতে বলা হবে এবং আপনি বুঝতে পারবেন যে স্ক্যানার টেবিলটি নড়তে শুরু করেছে।

এরপর রেডিওগ্রাফার আপনাকে পরবর্তী অবস্থানে (উপুড় বা কাত) ঘুরতে বলবেন এবং তিনি আবার স্ক্যান করবেন। এরপর তিনি ছবিগুলোর গুণমান বা অবস্থা যাচাই করবেন। মাঝেমধ্যে, যদি কোনো অংশের ছবি ঠিকঠাক না ওঠে তাহলে আরো ভালো করে দেখার জন্য কিছু বাড়তি স্ক্যান করা লাগতে পারে। এক্স-রে করার সময় স্ক্যানকে সুবিস্তারিত করতে আমরা একটি বিশেষ ধরনের রঙ (যাকে ‘কনট্রাস্ট এজেন্ট’ বলা হয়) ব্যবহার করতে পারি যা ক্যানুলা দিয়ে প্রবেশ করানো হয়।

স্ক্যানের শেষের দিকে আমরা আলতোভাবে আপনার মলদ্বার থেকে টিউবটি বের করে আনবো এবং জামাকাপড় পরার আগে আপনাকে টয়লেটে যেতে বলবো। পুরো অনুসন্ধান প্রক্রিয়াটি 30 মিনিটের মধ্যেই শেষ হবে। চাইলে আপনি দিনের বাকি সময় বাসায় বিশ্রাম নিতে পারেন যদিও বেশিরভাগ মানুষ তাদের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম পুনরায় শুরু করতে সক্ষম।

আপনার স্ক্যানের ফলাফল

একজন বিশেষজ্ঞ আপনার স্ক্যানগুলো পর্যালোচনা করবেন এবং এর রিপোর্ট আপনার কনসালটেন্ট অথবা বিশেষজ্ঞ স্ক্রিনিং প্র্যাক্টিশনারের কাছে পাঠাবেন। এরপর ফলাফল নিয়ে আপনার সাথে আলোচনা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হবে।

CTC-এর ঝুঁকিসমূহ

রেডিয়েশনের ডোজ

CTC পরীক্ষায় ছবি তৈরি করার জন্য এক্স-রে ব্যবহার করা হয়। মেডিকেল রেডিয়েশনে অবশ্যই সামান্য স্বাস্থ্য ঝুঁকি থাকে।

CTC স্ক্যানে আপনি ততটুকু রেডিয়েশনই পাবেন যতটুকু কয়েক বছরের প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন (আশপাশ থেকে) আপনি গ্রহণ করে থাকেন। এই ঝুঁকি খুব সামান্য বলেই বিবেচনা করা হয়। CT ডিপার্টমেন্ট খুব সতর্কতার সাথে রেডিয়েশনের ডোজ পর্যবেক্ষণ করবেন এবং ভালো মানের ছবি পাওয়ার জন্য সবসময় ন্যূনতম প্রয়োজনীয় ডোজটিই ব্যবহার করবেন।

সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া

ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে থাকতে পারে:

  • অন্ত্র প্রস্তুতির ওষুধ থেকে ডিহাইড্রেশন – স্ক্যানের আগে ও পরে আপনাকে প্রচুর পরিমাণে তরল পান করতে হবে
  • পেশী শিথিলকারী ইনজেকশন (যদি প্রয়োগ করা হয়)-এর কারণে মুখ শুকিয়ে যাওয়া এবং দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া – 30 মিনিটের মধ্যেই এগুলো স্বাভাবিক হয়ে যাওয়ার কথা, তবে দৃষ্টিশক্তি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে গাড়ি চালাবেন না
  • কনট্রাস্ট এজেন্ট ইনজেকশন (এক্স-রে ডাই) যদি দেওয়া হয় তাহলে শরীরে উষ্ণ অনুভূতি এবং মাঝেমধ্যে মুখের মধ্যে অদ্ভুত ধাতব স্বাদ, সাথে কয়েক মুহূর্তের জন্য আপনি প্রশ্রাব করে দিয়েছেন এমন অনুভূতি হওয়া
  • অন্ত্র ফোলানোর জন্য ব্যবহৃত গ্যাসের কারণে স্ক্যান চলাকালে ও এর পরে তলপেট (পেট) ফুলে যাওয়া – টয়লেটে গিয়ে বাতাস ছেড়ে দেওয়ার সাথে সাথে সেটি স্বাভাবিক হয়ে যাবে।
  • ইনজেকশন প্রয়োগের স্থানে হেমাটোমা (কালশিটে) পড়া

বিরল জটিলতা

অধিক গুরুতর জটিলতার সম্ভাবনা বিরল, কিন্তু সেগুলো সামলানোর জন্য রেডিওগ্রাফি কর্মীরা প্রস্তুত থাকবেন।

আপনাকে বাড়িতে যেতে দেওয়ার আগে তারা নিশ্চিত করবেন:

  • আপনি যেন পেশী শিথিলকারী ইনজেকশন (যদি দেওয়া হয়)-এর কারণে দুর্বল বোধ না করেন বা অজ্ঞান না হয়ে যান
  • আপনার যেন গুরুতর পেট ব্যাথা না হয়
  • আপনার অন্ত্রে যেন কোনো ছিদ্র (অন্ত্রের দেওয়ালে ছোট গর্ত) না থাকে
  • পেশী শিথিলকারী ইনজেকশন (যদি দেওয়া হয়)-এর কারণে আপনার চোখে যেন ব্যথা না থাকে – এটি বিরল সম্ভাবনা, কিন্তু এমনটি ঘটে থাকলে আপনাকে জরুরি চোখ পরীক্ষার জন্য হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যেতে হবে।

যদি আপনার আরো পরীক্ষা-নিরীক্ষা বা চিকিৎসার প্রয়োজন হয়

CTC স্ক্যানের পরে আপনাকে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে। আপনার বিশেষজ্ঞ স্ক্রিনিং প্র্যাক্টিশনার (নার্স) বা আপনার কনসালটেন্টের সাথে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। চিকিৎসার প্রয়োজন হলে একটি বিশেষজ্ঞ টিমের সাথে আপনি এ নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।

CTC স্ক্যান সাধারণত সঠিকভাবেই ক্যান্সার ও বড় পলিপ শনাক্ত করতে পারে, কিন্তু কোনো স্ক্রিনিং পরীক্ষাই সম্পূর্ণ কার্যকর নয় এবং ছোট একটি সম্ভাবনা থেকে যায় যে CTC স্ক্যানে কোনো একটি ক্যান্সার বা পলিপ চোখ এড়িয়ে গেছে যা পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে।

সারসংক্ষেপ

CTC স্ক্যান করাবেন কি করাবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে সম্ভাব্য সুবিধা ও ঝুঁকিগুলো এখানে উল্লেখ করা হলো। CT স্ক্যান:

  • প্রাথমিক পর্যায়েই ক্যান্সার ও পলিপ শনাক্ত করতে পারে, ফলে সফল চিকিৎসা ও বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়
  • কোলনোস্কোপির তুলনায় সাধারণত কম ইনভেসিভ (কম প্রবেশ করানো লাগে) বলে বিবেচিত হয়
  • এর কিছু সাধারণ কম গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং কিছু বিরল কিন্তু অধিক গুরুতর ঝুঁকি আছে যেমন অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া
  • রেডিয়েশন ডোজ ব্যবহার করে, কিন্তু এতে ঝুঁকি খুবই সামান্য
  • কোনো পলিপ বা ক্যান্সার চোখ এড়িয়ে যেতে পারে (কোলনোস্কোপির মতোই)

অন্ত্র ছিদ্র হওয়ার ঘটনা খুবই বিরল এবং প্রতি 3,000 জনের মধ্যে আনুমানিক মাত্র একজনের ক্ষেত্রে এমন হতে পারে।

বেশিরভাগ ছিদ্র বাড়তি চিকিৎসা ছাড়াই সেরে যায়, যদিও একরাত হাসপাতালে থাকার এবং অ্যান্টিবায়োটিক সেবন করার পরামর্শ দেওয়া হতে পারে।

এই তথ্য সম্পর্কে

সঠিক সময়ে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য NHS স্ক্রিনিং প্রোগ্রামে (NHS Screening Programmes) আপনার NHS রেকর্ড থেকে ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হয়। NHS ইংল্যান্ডও (NHS England) আপনার তথ্য ব্যবহার করে যাতে আপনার সর্বোচ্চ মান সম্পন্ন সেবা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা যায় এবং স্ক্রিনিং প্রোগ্রামের মান আরো উন্নত করা যায়। আপনার তথ্য কিভাবে ব্যবহার করা হবে ও সুরক্ষিত রাখা হবে এবং আপনার বিকল্পগুলো কী সে সম্পর্কে আপনি আরো জানতে পারেন। স্ক্রিনিং না করাতে চাইলে করণীয় সম্পর্কে জানুন।

আপনি  Open Government Licence v3.0 এর শর্ত মেনে বিনামূল্যে এই তথ্য (লোগো ব্যতীত) যেকোনো ফরম্যাট বা মাধ্যমে পুনরায় ব্যবহার করতে পারবেন। আমরা যে থার্ড-পার্টি কপিরাইট তথ্য ব্যবহার ও চিহ্নিত করেছি, যেগুলোর ক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট কপিরাইটের মালিক স্বত্বার অনুমতি নিতে হবে।