পেটের অ্যাওর্টিক অ্যানিউরিজম (AAA) স্ক্রিনিং - 65 বছর এবং তার চেয়ে বেশি বয়সী পুরুষদের জন্য একটি বিনামূল্যের পরীক্ষা (Bengali)
হালনাগাদ করা হয়েছে 9 জানুয়ারি 2026
Applies to England
আপনি পেটের অ্যাওর্টিক অ্যানিউরিজম (AAA) স্ক্রিনিংয়ে অংশ নিতে চান কিনা তা বেছে নিতে পারেন। এই লিফলেটটির উদ্দেশ্য হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করা।
কেন এনএইচএস AAA স্ক্রিনিং অফার করে
পেটের অ্যাওর্টিক অ্যানিউরিজম, অথবা AAA, হল আপনার মহাধমনীর ফোলাভাব। মহাধমনী হল প্রধান রক্তনালী যা হৃদপিণ্ড থেকে পেটে (পেটে) রক্ত বহন করে। বৃহৎ AAA গুরুতর হতে পারে। আমরা স্ক্রিনিং প্রদান করে থাকি যাতে আমরা প্রাথমিক পর্যায়ে অ্যানিউরিজম খুঁজে পেতে পারি এবং এগুলোকে পর্যবেক্ষণ অথবা চিকিৎসা করতে পারি।
যদি আপনার AAA থাকে, তাহলে আপনি কোনো উপসর্গ লক্ষ্য নাও করতে পারেন। এর মানে হল আপনি সাধারণত বলতে পারবেন না যে আপনার মধ্যে আছে কিনা। এটি জানার সবচেয়ে সহজ উপায় হল আপনার পেটের আলট্রাসাউন্ড স্ক্যান করানো।
AAA স্ক্রিনিংয়ের জন্য আমরা কাদেরকে আমন্ত্রণ জানাই
65 বছর পূর্ণ হলেই এনএইচএস সকল পুরুষকে স্ক্রিনিংয়ের জন্য আমন্ত্রণ জানায়। আপনাকে অবশ্যই একজন জিপির সাথে নিবন্ধিত হতে হবে এবং ইংল্যান্ডে বসবাস করতে হবে। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার জিপি সঠিক তথ্য জানেন, যার মধ্যে রয়েছে:
- নাম
- জন্ম তারিখ
- ঠিকানা
- যোগাযোগ করার নম্বর
- ইমেইল ঠিকানা।
আপনার 65 বছর বয়স হওয়ার বছরে যদি আপনি কোনো জিপির কাছে নিবন্ধিত না থাকেন, অথবা আমাদের কাছে আপনার হালনাগাদ যোগাযোগের তথ্য না থাকে, তাহলে আপনার আমন্ত্রণপত্রটি পরে আসতে পারে।
65 বছরের বেশি বয়সী পুরুষ যারা স্ক্রিনিং করেননি তারা তাদের লোকাল AAA স্ক্রিনিং সার্ভিসের সাথে যোগাযোগ করে একটি পরীক্ষা করানোর ব্যবস্থা করতে পারেন।
ট্রান্স এবং নন-বাইনারি মানুষ
যারা জিপির কাছে মহিলা হিসেবে নিবন্ধিত আছেন তাদেরকে AAA স্ক্রিনিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হবে না। জন্মের সময় পুরুষ হিসেবে নির্ধারিত ট্রান্স এবং নন-বাইনারি ব্যক্তিরা এবং 65 বছর অথবা তার বেশি বয়সীরা AAA স্ক্রিনিংয়ের জন্য আবেদন করতে পারেন। আপনার জিপি আপনার জন্য এটির ব্যবস্থা করতে পারবেন।
পেটের অ্যাওর্টিক অ্যানিউরিজম (AAA)
মহাধমনী হল প্রধান রক্তনালী যা আপনার শরীরে রক্ত সরবরাহ করে। এটি আপনার হৃদপিণ্ড থেকে আপনার বুক ও পেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
কিছু কিছু মানুষের ক্ষেত্রে, বয়স বাড়ার সাথে সাথে পেটের মহাধমনীর প্রাচীর দুর্বল হয়ে যেতে পারে। এরপর এটি ফুলে উঠতে শুরু করতে পারে (বেলুনের মতো) এবং অ্যানিউরিজম তৈরি করতে পারে।
65 বছর অথবা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে এই অবস্থা অত্যন্ত সাধারণ।

পেটের মধ্যে মহাধমনী ফুলে যেতে পারে এবং AAA তৈরি করতে পারে
AAA থেকে হওয়া ঝুঁকি
বৃহৎ অ্যানিউরিজম বিরল কিন্তু খুব গুরুতর হতে পারে। মহাধমনীর প্রাচীর প্রসারিত হওয়ার সাথে সাথে এটি ফেটে যেতে পারে, যার ফলে অভ্যন্তরীণ রক্তপাত হতে পারে। এর ফলে, অ্যানিউরিজমে আক্রান্ত প্রতি 100 জনের মধ্যে প্রায় 85 জন মারা যান।
যদি আমরা একটি ক্ষুদ্র অথবা মাঝারি অ্যানিউরিজম পাই, তাহলে এটি বড় হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখাটা গুরুত্বপূর্ণ। যদি আপনার একটি ক্ষুদ্র AAA থাকে, তাহলে আমরা প্রতি 12 মাস অন্তর অন্তর আপনাকে স্ক্যানের জন্য আসতে বলবো। যদি আপনার মাঝারি AAA থাকে, তাহলে আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাকে আসতে বলবো।
AAA স্ক্রিনিং কিভাবে কাজ করে
আমরা গর্ভবতী মহিলাদের জন্য যে ধরণের আলট্রাসাউন্ড স্ক্যান করা হয় তার অনুরূপ একটি সাধারণ আলট্রাসাউন্ড স্ক্যান ব্যবহার করি। এটি খুব দ্রুত। স্ক্যানটি সাধারণত 10 মিনিটেরও কম সময় নেয়।
ক্লিনিকে, আমরা আপনার ব্যক্তিগত বিবরণ পরীক্ষা করে দেখব এবং স্ক্যানটি ব্যাখ্যা করব। আপনি আমাদেরকে যেকোনো প্রশ্ন করতে পারবেন।
এরপর আমরা আপনাকে শুয়ে পড়তে বলব। আপনাকে আপনার জামার উপরের অংশটি উপরে তুলতে হবে অথবা আপনার শার্টের বোতাম খুলতে হবে, কিন্তু আপনার পোশাক খুলতে হবে না।
আমরা আপনার পেটে একটা ঠাণ্ডা জেল লাগাবো। এরপর আমরা আপনার ত্বকের উপর স্ক্যানিং প্রোবটি স্লাইড করব। স্ক্যানটি সম্পূর্ণ ব্যথাহীন। এটি একটি স্ক্রিনে আপনার মহাধমনীর ছবি দেখাবে এবং আমরা এটি পরিমাপ করব।
আমরা আপনাকে সাথে সাথে আপনার ফলাফল জানাতে পারব। আমরা আপনার ফলাফলের একটি কপি আপনার জিপির কাছেও পাঠাব।
কখনও কখনও স্ক্যানটি স্পষ্ট হয় না এবং মহাধমনী সঠিকভাবে পরীক্ষা করা যায় না। এটি নিয়ে চিন্তার কিছু নেই। আপনাকে আবারো স্ক্যান করতে বলা হবে, সাধারণত ভিন্ন একটি দিনে।
AAA স্ক্রিনিংয়ের ফলাফল
4টি সম্ভাব্য ফলাফল আসতে পারে:
- কোনো AAA নেই
- ক্ষুদ্র AAA
- মাঝারি AAA
- বৃহৎ AAA
কোনো AAA পাওয়া যায়নি
যদি আপনার মহাধমনী 3 সেন্টিমিটারের কম প্রশস্ত হয়, তাহলে এর অর্থ হল আপনার AAA নেই। বেশিরভাগ পুরুষেরই এই ফলাফল হয়। পরবর্তীতে আপনার চিকিৎসা নেওয়ার অথবা পর্যবেক্ষণের প্রয়োজন নেই। আমরা আপনাকে আর AAA স্ক্রিনিংয়ের জন্য আসতে বলবো না।
ক্ষুদ্র AAA
যদি আপনার মহাধমনী 3 সেমি থেকে 4.4 সেমি প্রশস্ত হয়, তাহলে আপনার একটি ক্ষুদ্র AAA আছে। স্ক্রিন করা 80 জন পুরুষের মধ্যে 1 জনের ক্ষুদ্র AAA থাকে। এটি বড় হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য আমরা আপনাকে প্রতি 12 মাস অন্তর অন্তর স্ক্যান করার জন্য আসতে বলবো।
মাঝারি AAA
যদি আপনার মহাধমনী 4.5 সেমি থেকে 5.4 সেমি প্রশস্ত হয়, তাহলে আপনার মাঝারি AAA আছে। স্ক্রিন করা 500 জন পুরুষের মধ্যে 1 জনের AAA মাঝারি থাকে। এটি বড় হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য আমরা আপনাকে প্রতি 3 মাস অন্তর অন্তর স্ক্যানের জন্য আসতে বলবো।
বৃহৎ AAA
যদি আপনার মহাধমনী 5.5 সেমি চওড়া অথবা তার চেয়ে বড় হয়, তাহলে আপনার বৃহৎ AAA রয়েছে। স্ক্রিন করা প্রতি 2,500 পুরুষের মধ্যে প্রায় 1 জনের বৃহৎ AAA থাকে। আমরা আপনাকে একটি স্পেশালিষ্ট টিমের সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য বলবো। তারা আরো স্ক্যান করবেন এবং সম্ভাব্য চিকিৎসার বিকল্পগুলো সম্পর্কে আপনার সাথে কথা বলবে, সাধারণত একটি অপারেশন।
ক্ষুদ্র অথবা মাঝারি AAA পর্যবেক্ষণ করা
যদি আপনার ক্ষুদ্র অথবা মাঝারি AAA থাকে, কেবল তখনই চিকিৎসার প্রয়োজন হবে যখন এটি বড় হতে থাকে।
আপনার AAA এর আকার পর্যবেক্ষণ করাটা গুরুত্বপূর্ণ। এর কারণ এটি একটি বৃহৎ AAA-তে পরিণত হয় কিনা দেখা।
বেশিরভাগ AAA খুব ধীরে ধীরে বড় হয়। ক্ষুদ্র অথবা মাঝারি AAA রয়েছে এমন বেশিরভাগ পুরুষের কখনই বৃহৎ AAA নাও হতে পারে এবং তাদের চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে।
আমরা আপনাকে একজন ভাস্কুলার নার্স স্পেশালিষ্টের সাথে দেখা করানোর জন্য একটি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করব যিনি আপনাকে AAA বৃদ্ধির ঝুঁকি কমানোর ব্যাপারে পরামর্শ দেবেন। আপনার জিপি আপনাকে ট্যাবলেট দিতে পারেন অথবা আপনি গ্রহণ করছেন এমন যেকোনো ওষুধ পর্যালোচনা করতে পারেন। আপনার রক্তচাপ পরীক্ষা করতে বলা হতে পারে।
বৃহৎ AAA-এর চিকিৎসা করা
যদি আমরা একটি বৃহৎ AAA পাই, তাহলে আমরা আপনাকে একটি স্পেশালিষ্ট টিমের কাছে পাঠাবো। তারা আরো পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং একজন স্পেশালিষ্ট আপনার সাথে চিকিৎসার বিকল্পগুলো নিয়ে আলোচনা করবেন। যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এটি চান, সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্টের দুই মাসের মধ্যেই সাধারণত একটি অপারেশন করা হবে।
স্ক্রিনিংয়ে পাওয়া অ্যানিউরিজমের চিকিৎসা সাধারণত নিরাপদ এবং খুবই কার্যকর। চিকিৎসার ঝুঁকি আছে। স্পেশালিষ্ট আপনাকে এগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন।
যাদের বৃহৎ AAA রয়েছে তাদের সকলেরই অপারেশন করা হবে না।
AAA স্ক্রিনিংয়ের সম্ভাব্য ঝুঁকি
কোনো স্ক্রিনিং পরীক্ষাই সম্পূর্ণ কার্যকর নয়, তবে AAA খুঁজে বের করার জন্য ব্যবহৃত স্ক্যান খুবই নির্ভরযোগ্য। স্ক্রিনিংয়ে অ্যানিউরিজম না পাওয়া গেলে, একজন পুরুষের ক্ষেত্রে বৃহৎ AAA হওয়াটা বিরল। AAA স্ক্রিনিং অ্যানিউরিজম ফেটে যাওয়ার ঝুঁকি সম্পূর্ণরূপে দূর করে না, তবে এটি আপনার ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়।
স্ক্রিনিং টেস্টের কোনো ঝুঁকি নেই, তবে AAA চিকিৎসার জন্য সার্জারির প্রয়োজন হলে ঝুঁকি রয়েছে। স্ক্রিন করা প্রতি 10,000 পুরুষের মধ্যে প্রায় 30 জনের অপারেশন করা হয়। গড়ে, সার্জারি করানো 67 জন পুরুষের মধ্যে 1 জন বেঁচে থাকেন না। চিকিৎসা না করা হলে সেক্ষেত্রে তাদের AAA কখনই ফেটে না যাওয়ার সম্ভাবনা খুবই কম।
কাদের AAA হওয়ার সম্ভাবনা বেশি
মহিলাদের তুলনায় পুরুষদের AAA হওয়ার সম্ভাবনা 4 গুণ বেশি। এই কারণেই মহিলাদের স্ক্রিনিং করানো হয় না। বয়স বাড়ার সাথে সাথে অ্যানিউরিজম হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়।
আপনার AAA হওয়ার সম্ভাবনাও বাড়তে পারে যদি:
- আপনি ধূমপায়ী হন অথবা কখনও ধূমপায়ী হয়ে থাকেন
- আপনার উচ্চ রক্তচাপ থাকে
- আপনার ভাই, বোন অথবা মা-বাবার AAA থাকে, অথবা ছিল।
আরো তথ্য ও সহায়তা
AAA স্ক্রিনিং সম্পর্কে আরো তথ্যের জন্য, আপনার লোকাল স্ক্রিনিং সার্ভিসের সাথে যোগাযোগ করুন। আপনার যদি অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয় তবে আপনার অ্যাপয়েন্টমেন্টের পূর্বেই তাদেরকে জানান। এর মধ্যে একজন কেয়ারারের আপনার সাথে আসা, দীর্ঘ সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অথবা অন্য কোনো জায়গায় যাওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে।
আপনার আমন্ত্রণপত্রে তাদের যোগাযোগের বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। আপনি আপনার জিপি সার্জারির সাথেও কথা বলতে পারেন।
আপনার লোকাল AAA স্ক্রিনিং সার্ভিসের জন্য যোগাযোগের বিবরণ খুঁজুন।
এই তথ্যটি বিকল্প ফরম্যাটে উপলব্ধ, যার মধ্যে রয়েছে সহজ পঠন এবং অন্যান্য ভাষা। অন্য কোনো ফরম্যাটে এই তথ্য পেতে, আপনি 0300 311 22 33 নম্বরে ফোন করতে পারেন অথবাengland.contactus@nhs.net ঠিকানায় ইমেইল করতে পারেন।
আপনি আরো যা করতে পারেন:
- NHS.UK থেকে AAA স্ক্রিনিংয়ের উপর আরো তথ্য খুঁজুন
- ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি লোকদের জন্য এনএইচএস স্ক্রীনিং সার্ভিস সম্পর্কিত তথ্য পড়ুন।
সার্কুলেশন ফাউন্ডেশন এবং ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন রক্তনালীজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা দিয়ে থাকে। এর মধ্যে AAA আক্রান্ত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
সঠিক সময়ে স্ক্রিনিংয়ের জন্য আপনাকে আসতে বলতে আমরা আপনার এনএইচএস রেকর্ড থেকে নেওয়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করে থাকি। এই তথ্য আমাদের স্ক্রিনিং প্রোগ্রামকে উন্নত করতে এবং মানসম্পন্ন যত্ন প্রদানে সহায়তা করে। আমরা কিভাবে আপনার তথ্য ব্যবহার ও সুরক্ষিত রাখি সে সম্পর্কে আরো পড়ুন।