Skip to main content
পরিচালনা

ক্লেফ্ট লিপ [ঠোঁটকাটা]: পিতামাতার জন্য তথ্য (Bengali)

হালনাগাদ করা হয়েছে 9 জুলাই 2026

Applies to England

আপনি এই তথ্যটি পড়ছেন কারণ আপনার 20-সপ্তাহের স্ক্রিনিং স্ক্যানের পর আপনার শিশুর ক্লেফ্ট লিপ আছে বলে সন্দেহ করা হচ্ছে।

এই তথ্যগুলো আপনাকে এবং আপনার স্বাস্থ্যসেবা পেশাজীবীদের আপনার এবং আপনার শিশুর পরিচর্যার পরবর্তী ধাপগুলো নিয়ে কথা বলতে সাহায্য করে। এই তথ্যগুলো স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে আপনার আলোচনাগুলোকে সহায়তা করবে, কিন্তু প্রতিস্থাপন করবে না।

আপনার শিশুর প্রত্যাশামতো বিকাশ নাও হতে পারে তা জানতে পারা একটি কঠিন বিষয় হতে পারে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি একা নন।

আমরা আপনাকে একটি বিশেষজ্ঞ দলের কাছে রেফার করব যারা:

  • আপনার শিশুর স্বাস্থ্যগত অবস্থা এবং চিকিৎসা সম্পর্কে আরও তথ্য প্রদান করবে
  • আপনার যে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করবে
  • আপনাকে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করতে সাহায্য করবে

ক্লেফ্ট লিপ সম্পর্কে

ক্লেফ্ট লিপ হলো ওপরের ঠোঁটে একটি ফাঁক বা চিরা। একটি ক্লেফ্ট প্যালেট [তালুকাটা] হলো মুখের ছাদের একটি ফাঁক বা চিরা।

গর্ভধারণের শুরুর দিকে, শিশুর মুখের বিভিন্ন অংশ আলাদাভাবে বিকশিত হয় এবং তারপর একসঙ্গে যুক্ত হয়। যদি কিছু অংশ সঠিকভাবে যুক্ত না হয়, তাহলে শিশুটি ক্লেফ্ট [ফাঁক] নিয়ে জন্মায়।

শিশুরা ক্লেফ্ট লিপ, ক্লেফ্ট প্যালেট, অথবা উভয়টি নিয়েই জন্মাতে পারে। এই অবস্থা বিভিন্ন রকমের হয়, এবং কিছু ক্লেফ্টের জন্য অন্যগুলোর তুলনায় বেশি চিকিৎসা এবং সহায়তা প্রয়োজন হয়।

বেশিরভাগ স্ক্যানে শুধুমাত্র একটি ক্লেফ্ট লিপ ধরা পড়ে। ক্লেফ্ট লিপ দেখা গেলেও, স্ক্যান সবসময় একটি ক্লেফ্ট প্যালেট শনাক্ত করতে পারে না।

ক্লেফ্ট লিপ হলো যখন শিশুর ওপরের ঠোঁট একসঙ্গে যুক্ত হয়নি। একটি ক্লেফ্ট লিপ:

  • ঠোঁটের এক পাশে হতে পারে (ইউনিল্যাটারাল)
  • ঠোঁটের উভয় পাশে হতে পারে (বাইল্যাটারাল)
  • একটি ছোট খাঁজ থেকে নাক পর্যন্ত পৌঁছানো একটি প্রশস্ত ফাঁক পর্যন্ত হতে পারে

একটি ক্লেফ্ট প্যালেট হলো যেখানে মুখের ছাদ (প্যালেট) একসঙ্গে যুক্ত হয়নি। একটি ক্লেফ্ট প্যালেট একটি ফাঁক হতে পারে:

  • শুধু প্যালেটের পেছনের অংশে
  • প্যালেটে, যা মুখের একেবারে সামনের অংশ পর্যন্ত যায়

কারণসমূহ

ক্লেফ্ট লিপের সঠিক কারণ আমরা জানি না। গর্ভাবস্থায় আপনি যা করেছেন বা করেননি, তার কারণে এটি হয়েছে, এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম। এটি কখনও কখনও অন্যান্য চিকিৎসাগত অবস্থার সঙ্গে যুক্ত থাকে, যেমন সেগুলো যা আপনার শিশুর ক্রোমোজোমকে প্রভাবিত করে (জেনেটিক তথ্য)। আপনি একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে আপনার ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারবেন।

ক্লেফ্ট লিপ, ক্লেফ্ট প্যালেট থাকুক বা না থাকুক, প্রতি 1,300 (0.08%) শিশুর মধ্যে প্রায় একজনের হয়। এটি যুক্তরাজ্যে মুখমণ্ডলের সবচেয়ে সাধারণ জন্মগত অবস্থা।

আমরা কীভাবে ক্লেফ্ট লিপ খুঁজে পাই

আমরা 20-সপ্তাহের স্ক্রিনিং স্ক্যানে (গর্ভধারণের 18+0 এবং 20+6 সপ্তাহের মধ্যে) ক্লেফ্ট লিপের জন্য স্ক্রিন করি। ক্লেফ্ট লিপের বেশিরভাগ ক্ষেত্র এই স্ক্যানের সময় পাওয়া যায়, কিন্তু খুব সূক্ষ্ম বা ছোট ক্লেফ্ট লিপ দেখা নাও যেতে পারে।

রুটিন আল্ট্রাসাউন্ড স্ক্যানে একটি ক্লেফ্ট প্যালেট খুঁজে পাওয়া কঠিন, এমনকি ক্লেফ্ট লিপ দেখা গেলেও।

ফলো-আপ পরীক্ষা এবং অ্যাপয়েন্টমেন্ট

যেহেতু স্ক্যানের ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে আপনার শিশুর ক্লেফ্ট লিপ আছে, আমরা আপনাকে এমন একটি বিশেষজ্ঞ দলের কাছে রেফার করব যারা জন্মের আগে গর্ভবতী মায়েদের এবং তাদের শিশুদের পরিচর্যায় বিশেষজ্ঞ। তারা সেই হাসপাতালে অবস্থান করতে পারেন যেখানে আপনি বর্তমানে অ্যান্টিনেটাল কেয়ার পাচ্ছেন, অথবা অন্য কোনো হাসপাতালে।

বিশেষজ্ঞ দল আপনাকে আরও স্ক্যানের প্রস্তাব দেবে, যা নিশ্চিত করবে আপনার শিশুর ক্লেফ্ট লিপ আছে কি না, ক্লেফ্ট লিপের ধরন কী এবং এর অর্থ কী হতে পারে। তারা আপনাকে অতিরিক্ত পরীক্ষার প্রস্তাবও দিতে পারে, যেমন কোরিওনিক ভিলাস স্যাম্পলিং (সিভিএস) বা অ্যাম্নিওসেন্টেসিস

আপনি বিশেষজ্ঞ দলের সঙ্গে দেখা করার আগে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চান তাহলে সেগুলো লিখে রাখা উপকারী হতে পারে।

যদি নিশ্চিত হয় যে আপনার শিশুর ক্লেফ্ট লিপ আছে, আপনাকে একটি ক্লেফ্ট টিমের মধ্যে অবস্থিত একজন ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্টের কাছে রেফার করা হবে। ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট আপনাকে সহায়তা করবেন এবং আপনার শিশুর অবস্থা, সম্ভাব্য জটিলতা, চিকিৎসা এবং কীভাবে আপনি আপনার শিশুর জন্মের জন্য প্রস্তুতি নিতে পারেন তা নিয়ে আপনার সঙ্গে কথা বলবেন।

চিকিৎসা

আপনার এবং আপনার শিশুর দেখভালকারী ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট একটি ক্লেফ্ট টিমের অংশ হবেন, যেখানে ক্লেফ্ট সার্জন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অর্থোডন্টিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মতো বিশেষজ্ঞরা থাকবেন, যারা আপনার শিশুর দেখভাল করবেন।

ক্লেফ্ট লিপ থাকা শিশুদের জন্মের পর অন্তত একটি অপারেশন প্রয়োজন হয়। এটি ঠোঁট এবং নাকের আকৃতি পুনর্গঠনের জন্য করা হয় এবং সাধারণত শিশুর বয়স এক বছরের কম থাকতেই করা হয়।

ক্লেফ্ট লিপ অ্যান্ড প্যালেট অ্যাসোসিয়েশন (ক্লাপা)-এর একটি সার্জারির আগে এবং পরে ক্লেফ্ট লিপের ছবিসহ ফটো গ্যালারি রয়েছে।

কিছু ক্লেফ্ট লিপ থাকা শিশুর আরও অন্যান্য চিকিৎসারও প্রয়োজন হবে, যেমন:

  • খাওয়ানোর ক্ষেত্রে সহায়তা
  • শ্রবণের পর্যবেক্ষণ
  • স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
  • ডেন্টাল এবং অর্থোডন্টিক চিকিৎসা (দাঁতের চেহারা এবং অবস্থান উন্নত করতে সাহায্যের জন্য)

ক্লেফ্ট লিপ থাকা শিশুদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে সহায়তা করার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিচর্যা পরিকল্পনা থাকবে।

দীর্ঘমেয়াদি পরিচর্যা

ক্লেফ্ট লিপ একটি বিস্তৃত এবং বৈচিত্র্যময় অবস্থা। এটির চিকিৎসা সরল হতে পারে কিন্তু অন্য স্বাস্থ্যগত সমস্যা থাকলে এটি জটিল (এবং আরও গুরুতর) হতে পারে। পরিস্থিতি যেমনই হোক, বিশেষজ্ঞ ক্লেফ্ট টিম আপনাকে সহায়তা করবে।

ক্লেফ্ট লিপ নিয়ে জন্মানো বেশিরভাগ শিশু চিকিৎসায় ভালো সাড়া দেয় এবং তাদের অন্য কোনো গুরুতর চিকিৎসাগত অবস্থা থাকে না। খাওয়ানো, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিকাশ এবং মুখমণ্ডলের চেহারা নিয়ে সমস্যার উদ্বেগগুলো সমাধান করার জন্য চিকিৎসা পাওয়া যায়।

একটি ক্লেফ্ট লিপ মেরামতের সার্জারির ফলে শিশুর ঠোঁটের ওপরে একটি গোলাপি দাগ থাকতে পারে। সময়ের সঙ্গে এটি হালকা হয়ে যাবে এবং তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে কম চোখে পড়বে।

আপনার শিশুর দেখভালকারী বিশেষজ্ঞ ক্লেফ্ট টিম:

  • আপনার যে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করবে
  • আপনাকে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করতে সাহায্য করবে

বিশেষজ্ঞ ক্লেফ্ট টিম আপনার শিশুকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সহায়তা করবে এবং প্রয়োজন হলে আরও চিকিৎসা দেবে। এটি আপনার শিশুর ক্লেফ্ট লিপের ধরনের ওপর নির্ভর করবে।

পরবর্তী পদক্ষেপ এবং পছন্দসমূহ

যদি নিশ্চিত হয় যে আপনার শিশুর ক্লেফ্ট লিপ আছে, আপনি গর্ভাবস্থার সময় আপনার দেখভালকারী বিশেষজ্ঞ দলের সঙ্গে আপনার শিশুর অবস্থা এবং এর অর্থ কী হতে পারে তা নিয়ে কথা বলতে পারেন। দলটি আপনাকে যতটা সম্ভব তথ্য প্রদান করবে যাতে আপনি আপনার গর্ভাবস্থার বিকল্পসমূহ সম্পর্কে ব্যক্তিগতভাবে অবহিত হয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এর মধ্যে রয়েছে আপনার গর্ভাবস্থা চালিয়ে যাওয়া অথবা আপনার গর্ভাবস্থা সমাপ্ত করা।

আপনি ক্লেফ্ট লিপ সম্পর্কে আরও জানতে চাইতে পারেন। এই পরিস্থিতিতে পিতামাতাদের সাহায্য করার অভিজ্ঞতা রয়েছে এমন একটি সহায়তা সংস্থার সঙ্গে কথা বলা সহায়ক হতে পারে।

যদি আপনি আপনার গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, বিশেষজ্ঞ দল আপনাকে সাহায্য করবে:

  • আপনার পরিচর্যা এবং আপনার শিশুর জন্ম পরিকল্পনা করতে
  • আপনার শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে

যদি আপনি আপনার গর্ভাবস্থা সমাপ্ত করার সিদ্ধান্ত নেন, তাহলে এতে কী জড়িত এবং কীভাবে আপনাকে সহায়তা করা হবে সে সম্পর্কে আপনাকে তথ্য দেওয়া হবে। আপনাকে কোথায় এবং কীভাবে আপনার গর্ভাবস্থা সমাপ্ত করবেন সে বিষয়ে পছন্দের সুযোগ দেওয়া হবে এবং আপনাকে ও আপনার পরিবারকে উপযোগী সহায়তা দেওয়া হবে।

কেবল আপনিই জানেন যে আপনার এবং আপনার পরিবারের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত কী। আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, আপনার স্বাস্থ্যসেবা পেশাজীবীরা আপনাকে সহায়তা করবেন।

ভবিষ্যৎ গর্ভধারণ

বেশিরভাগ ক্ষেত্রে, যদি আপনি আরেকটি শিশু নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাদের ক্লেফ্ট লিপ থাকার সম্ভাবনা কম।

তবে, এটি আবার হওয়ার প্রায় 100 তে 2  (2%) থেকে 100 তে  8 (8%) সম্ভাবনা রয়েছে যদি:

  • আপনি বা আপনার সঙ্গী ক্লেফ্ট লিপ নিয়ে জন্মে থাকেন অথবা
  • আপনার এই অবস্থা নিয়ে আরেকটি শিশু হয়ে থাকে

আরও তথ্য

অ্যান্টিনেটাল রেজাল্টস অ্যান্ড চয়েসেস (এআরসি) একটি জাতীয় চ্যারিটি যা স্ক্রিনিং এবং রোগনির্ণয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া এবং গর্ভাবস্থা চালিয়ে যাওয়া বা না যাওয়ার বিষয়ে মানুষকে সহায়তা করে।

ক্লেফ্ট লিপ অ্যান্ড প্যালেট অ্যাসোসিয়েশন (ক্লাপা) একটি জাতীয় চ্যারিটি যা যুক্তরাজ্যে ক্লেফ্ট নিয়ে জন্মানো মানুষ এবং তাদের পরিবারগুলোকে সহায়তা করার জন্য কাজ করে।

এনএইচএস.ইউকে-তে অবস্থাসমূহ, উপসর্গ এবং চিকিৎসাসমূহের একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা রয়েছে, যার মধ্যে কী করতে হবে এবং কখন সহায়তা নিতে হবে তাও অন্তর্ভুক্ত আছে।

যেসব পিতামাতাকে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং (সিভিএস) বা অ্যাম্নিওসেন্টেসিস ডায়াগনস্টিক টেস্টের প্রস্তাব দেওয়া হয়েছে তাদের জন্য তথ্য পাওয়া যায়।